আগরতলা, ২৩ আগস্ট, ২০২৬ :
আগরতলা শহরের বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার শহরের জলমগ্ন বিভিন্ন এলাকা ঘুরে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। একইসঙ্গে বন্যার কারণে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন মুখ্যমন্ত্রী।পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী চন্দ্রপুর এলাকার পাশাপাশি বলদাখাল, বিবেকানন্দ স্কুল এবং স্বামী দয়ানন্দ স্কুলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। এসব স্থানে বন্যার্তদের জন্য গড়ে ওঠা শরণার্থী ও আশ্রয় শিবিরের ব্যবস্থাপনাও খতিয়ে দেখেন তিনি।শিবিরগুলিতে আশ্রয় নেওয়া মানুষের সঙ্গে কথা বলে খাদ্য, পানীয় জল, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় পরিষেবা ঠিকমতো পৌঁছাচ্ছে কি না, সে বিষয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন তিনি।মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়েও আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।শহরের বন্যাকবলিত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনকে সতর্ক থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থেকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।






