আগরতলা, ১ নভেম্বর ২০২৬ : খয়েরপুর ও কমলপুরের ঘটনায় কঠোর অবস্থান জানালেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে মন্তব্য করে তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপির কেউ জড়িত থাকলেও তাঁকে রেহাই দেওয়া হবে না। ঘটনার নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের পক্ষেও সওয়াল করেন তিনি।শনিবার আগরতলায় বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। খয়েরপুরের ঘটনা সংবাদমাধ্যমে দেখেছেন বলে জানিয়ে তিনি বলেন, কমলপুরের ঘটনা সম্পর্কেও বিস্তারিত খোঁজ নেবেন।অন্যদিকে, পুর নির্বাচনে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কাউকে মনোনয়ন জমা দিতে বাধা না দেওয়ার নির্দেশ দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে।এদিন পুর নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রদেশ কার্যালয়ে সাংগঠনিক বৈঠকও অনুষ্ঠিত হয়। দলের পদাধিকারীদের মধ্যে সমন্বয় ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানান মুখ্যমন্ত্রী। তবে প্রার্থী তালিকা ঘোষণার ক্ষেত্রে এখনও কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বিজেপি।





