আগরতলা, ৩ সেপ্টেম্বর, ২০২৬ : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ২০২৬-কে সামনে রেখে নাগরিকদের সুবিধার্থে সদর মহকুমা শাসক কার্যালয়ে চালু হলো ভোটার সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক। SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভোটারদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সদর মহকুমা শাসক মানিক লাল দাস জানান, সদর মহকুমায় নির্বাচন কমিশনের (ECI) নির্ধারিত সময়সীমা অনুযায়ী SIR-এর প্রস্তুতিমূলক কাজ সম্পূর্ণ করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর থেকে এনুমারেশন ফর্ম প্রিন্টিংয়ের কাজ শুরু হবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেওয়া হবে।SIR প্রক্রিয়া নিয়ে ভোটারদের মধ্যে যাতে কোনও ধরনের বিভ্রান্তি বা সংশয় তৈরি না হয়, সেই লক্ষ্যেই সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেখানে প্রশিক্ষিত ও বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা উপস্থিত থেকে ভোটারদের প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং SIR সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করবেন।হেল্প ডেস্কে ২০০৫ সালের ভোটার তালিকার ডেটাবেসও রাখা হয়েছে। এর মাধ্যমে ভোটারদের প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত সহায়তা প্রদান করা সম্ভব হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।সদর মহকুমার কোনও ভোটারের SIR সংক্রান্ত বিষয়ে জানার প্রয়োজন হলে সরাসরি সদর মহকুমা শাসক কার্যালয়ের হেল্প ডেস্কে এসে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। অফিস চলাকালীন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোটার সহায়তা কেন্দ্র খোলা থাকবে।প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের SIR প্রক্রিয়া সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি কোনও বিষয়ে সংশয় বা প্রয়োজনীয় তথ্যের জন্য হেল্প ডেস্কের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





