আগরতলা, ১৩ অক্টোবর, ২০২৬ : দীর্ঘ ৩৫ বছর পর ঊনকোটি জেলার কৈলাসহর বিমানবন্দরে পুনরায় বিমান পরিষেবা চালুর লক্ষ্যে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। উড়ান প্রকল্পের আওতায় বিমানবন্দরটির পুনঃউন্নয়ন এবং বিমান চলাচল শুরু করার প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সচিবালয়ের কনফারেন্স হলে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা।সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানবন্দরটি চালু হলে রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বাস দেন। বৈঠকে উড়ান প্রকল্পের প্রথম পর্যায়ের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বিমান পরিষেবা চালুর পাশাপাশি রাজ্যের রাজস্ব বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে ডম্বুর পর্যটন কেন্দ্রে দ্রুত একটি হেলিপ্যাড নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।সভায় পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী সংশ্লিষ্ট দপ্তরের বাকি কাজগুলি দ্রুত সম্পন্ন করার উপর জোর দেন। মুখ্যসচিব জে কে সিনহা উড়ান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। প্রজেক্টরের মাধ্যমে কৈলাসহর বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত ও প্রয়োজনীয় পদক্ষেপও সভায় তুলে ধরা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, রাজস্ব দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে, পরিবহণ দপ্তরের ভারপ্রাপ্ত সচিব তাপস রায়, আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের অধিকর্তা এবং বিভিন্ন দপ্তরের অতিরিক্ত সচিবরা।





