আগরতলা, ২৩ অক্টোবর, ২০২৬ : ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্য, দুর্গোৎসবের পরম্পরা এবং জাতি-জনজাতির মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আগরতলায় বর্ণাঢ্য ‘মায়ের গমন-২০২৬’কার্নিভালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। মহারাণী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘মায়ের গমন’ শুধু প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা নয়, এটি রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উদ্যোগ।মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক আয়োজনের মাধ্যমে এই কার্নিভাল অল্প সময়ের মধ্যেই রাজ্যের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। দুর্গোৎসবকে কেন্দ্র করে সকল সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ত্রিপুরার ঐক্য ও সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত। এবারের কার্নিভালে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিতি রাজ্যের সংস্কৃতি, পর্যটন ও সম্ভাবনাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার সুযোগ তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশের ফলে দুর্গোৎসবের আয়োজন এবং মানুষের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। প্রশাসন, আগরতলা পুর নিগম, পুলিশ ও বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা’ ও ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনাকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে জানান, এবছর সরাসরি দুই লক্ষাধিক মানুষ এবং ডিজিটাল মাধ্যমে ১০ লক্ষেরও বেশি দর্শক এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন। কার্নিভালের শোভাযাত্রা মহারাণী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে থেকে জ্যাকসন গেট, পোস্ট অফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী ও বটতলা হয়ে দশমীঘাটে পৌঁছায়।অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে. কে. সিনহা, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং বিভিন্ন ক্লাব ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






