আগরতলা , ২৪ অক্টোবর, ২০২৬ : এসআইআর প্রক্রিয়া বাতিল, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণসহ চার দফা দাবিতে আগামী ৩০ অক্টোবর আগরতলায় কর্মসূচি গ্রহণ করেছে ইন্ডিয়া ব্লকের ত্রিপুরা চ্যাপ্টার। ওইদিন ওরিয়েন্ট চৌমুহনীতে জমায়েত হয়ে মিছিল সহকারে মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দপ্তরে গিয়ে দাবিসনদ পেশ করবেন ব্লকের নেতৃত্বরা কর্মী-সমর্থকেরা।শনিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। উপস্থিত ছিলেন কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই(এমএল), আরএসপি ও ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা।চার দফা দাবির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বাতিল, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গণতান্ত্রিক কাঠামো রক্ষায় সংশ্লিষ্ট আইন পুনর্বিবেচনা এবং মুখ্য নির্বাচন কমিশনারকে আইনি সুরক্ষা দেওয়ার বিধানের বিরোধিতা।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। গণতন্ত্র ও সংবিধান রক্ষায় বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।অন্যদিকে, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভোটার তালিকায় অনিয়ম ও একই ব্যক্তির নাম একাধিক স্থানে থাকার অভিযোগও তোলেন তিনি।আশিস কুমার সাহার বক্তব্য, ভোটাধিকার রক্ষা এবং গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার স্বার্থে এই আন্দোলন। ইন্ডিয়া ব্লকের বাইরের রাজনৈতিক দল ও গণতন্ত্রপ্রেমী মানুষকেও আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।





