আগরতলা, ২৪ আগস্ট, ২০২৬ : প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলা-সহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টিজনিত এই পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত উদ্ধারকার্য, ত্রাণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।প্লাবিত এলাকাগুলিতে পরিস্থিতির উপর নজর রেখে দ্রুত উদ্ধারকার্য পরিচালনা এবং দুর্গতদের কাছে ত্রাণ ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার বিষয়েসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন তিনি। পাশাপাশি, দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।বিপ্লব কুমার দেব বলেন, দুর্গত মানুষের পাশে থেকে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন যথেষ্ট সক্রিয় ও তৎপরতার সঙ্গে কাজ করে চলেছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে প্রশাসনের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে সকলকে সতর্ক ও নিরাপদ থাকতে হবে। বিশেষ করে প্লাবিত ও ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয়ভাবে বের না হওয়ার পাশাপাশি প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।এদিকে, রাজ্যের বিভিন্ন প্লাবিত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকেও উদ্ধার, ত্রাণ ও অন্যান্য জরুরি পরিষেবা অব্যাহত রয়েছে।





