আগরতলা, ১৮ জুলাই ২০২৬ : মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক পিকে চক্রবর্তীর নিয়োগ, রাজ্যের নির্বাচন ব্যবস্থা, নিট-সিইউইটি পরীক্ষায় অনিয়ম, আইনশৃঙ্খলা এবং রাজ্যের বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) নেতা জিতেন্দ্র চৌধুরী।এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক পিকে চক্রবর্তীকে নিয়োগ করা অত্যন্ত প্রশ্নের জন্ম দিয়েছে। তাঁর দাবি, পিকে চক্রবর্তীর বিরুদ্ধে অতীতে আয়ের বহির্ভূত সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য জনসমক্ষে এসেছে। এমন একজনকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে বসানো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব এমন একজন ব্যক্তির হাতে দেওয়া উচিত, যাঁর প্রতি সব রাজনৈতিক দলের আস্থা রয়েছে। কিন্তু বিজেপির রাজনৈতিক স্বার্থে পিকে চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর আরও অভিযোগ, পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ কুমার বিজেপির ইচ্ছা অনুযায়ী কাজ করতে অপারগ হওয়ায় মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখেই এই নিয়োগ করা হয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় পিকে চক্রবর্তীর নিয়োগের বিরুদ্ধে সকলের সোচ্চার হওয়া প্রয়োজন।এদিন দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে নিট ও সিইউইটি-সহ একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রসঙ্গেও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা। তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত একের পর এক বিতর্কে দেশের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। আন্দোলনরত ছাত্র-যুবদের দাবির প্রতি সংহতি জানিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন।জিতেন্দ্র চৌধুরী জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মসূচি পালন করবে সিপিআই(এম)।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এক পুলিশ সুপারের আচরণ প্রসঙ্গে ডিজিপির মন্তব্যের উল্লেখ করে তিনি বলেন, এতে গোটা পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। শহিদদের প্রতি যথাযথ সম্মান জানাতেও বাধা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।রাজ্যের সড়ক পরিকাঠামোর দুরবস্থার প্রসঙ্গ তুলে খোয়াই-আগরতলা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা নিয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী দলনেতা। পাশাপাশি, ভারী বৃষ্টির সময় মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা কেন শহর পরিদর্শনে বের হননি, সেই প্রশ্নও তোলেন তিনি। এছাড়া বনমালীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাম্প্রতিক বক্তব্যেরও কটাক্ষ করে জিতেন্দ্র চৌধুরী বলেন, ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি সিভিল হাসপাতালের বর্তমান ভবন বামফ্রন্ট সরকারের আমলেই নির্মিত হয়েছিল।





