আগরতলা, ২১ সেপ্টেম্বর ২০২৬ : দুর্গাপূজার মরশুমে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে তৎপর হল ত্রিপুরা খাদ্য দপ্তর। উৎসবের আগে কালোবাজারি, মজুতদারি ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি বন্ধে সোমবার আগরতলা সচিবালয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক।বৈঠকে বিভিন্ন বাজারের ব্যবসায়ী, পেট্রোল পাম্পের ডিলার এবং রেশন শপের মালিকদের সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা। পুজোর সময় চাহিদা বাড়লেও যাতে কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সাধারণ মানুষকে অতিরিক্ত দামে পণ্য কিনতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।পাশাপাশি বাজারে পর্যাপ্ত পরিমাণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা এবং পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সচিব শান্তনু সিং, অধিকর্তা সুমিত লোধ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপারসহ খাদ্য দপ্তর ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।






