আগরতলা, ২৬ আগস্ট ২০২৬ : আগামী ১৭সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী পালিত হবে ‘সেবা সংকল্প অভিযান’। এই কর্মসূচিকে সামনে রেখে ত্রিপুরাতেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের প্রস্তুতি শুরু হয়েছে। অভিযানের সফল বাস্তবায়নের লক্ষ্যে বুধবার রাজ্যস্তরের একটি বিশেষ প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। এছাড়াও উপস্থিত ছিলেন দলের সাংসদ, মন্ত্রী এবং প্রদেশ, জেলা ও মণ্ডল স্তরের নেতৃত্ববৃন্দ। এক মাসব্যাপী এই বিশেষ অভিযানে সেবার মনোভাবকে সামনে রেখে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হবে। সমাজের অন্তিম প্রান্তে থাকা মানুষের কাছে সরকারি ও জনকল্যাণমূলক উদ্যোগের সুফল পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তাঁর জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতেই ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’ পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরাতেও এই উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন সেবামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হবে।






