আগরতলা, ৩০ সেপ্টেম্বর ২০২৬ : মেধা তালিকা প্রকাশের দাবিতে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি জলকামান ব্যবহার এবং অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠল। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বুধবার ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি।সংগঠনের প্রতিনিধিরা এদিন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরিন্দম লোদের সঙ্গে দেখা করে লিখিতভাবে তাদের অভিযোগ জানান। তাদের দাবি, গত ২৩ সেপ্টেম্বর আগরতলার শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলন চলাকালীন পুলিশ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বলপ্রয়োগ করেছে।শিক্ষক সমিতির অভিযোগ, আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনও ধরনের প্ররোচনা বা আইনভঙ্গের ঘটনা না ঘটলেও পুলিশ জলকামান ব্যবহার করে আন্দোলন ছত্রভঙ্গ করে এবং কয়েকজন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজের কথাও তাদের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বলে সংগঠনের দাবি।এদিন সংগঠনের পক্ষ থেকে সদর মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের ভূমিকা নিয়েও অভিযোগ তোলা হয়। আন্দোলনকারীদের সঙ্গে তাঁর আচরণ দুর্ব্যবহারপূর্ণ ও উগ্র ছিল বলে দাবি করেছে শিক্ষক সমিতি।শিক্ষক সমিতির বক্তব্য, শান্তিপূর্ণভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার অধিকার নাগরিকদের সাংবিধানিক অধিকার। সংবিধানের ১৯(১)(খ) অনুচ্ছেদসহ প্রাসঙ্গিক আইনি বিধানের উল্লেখ করে সংগঠনটি দাবি করেছে, শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদের অধিকার খর্ব করে পুলিশ বলপ্রয়োগ করেছে।এই ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানিয়েছে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি।





