আগরতলা, ২৯ অক্টোবর, ২০২৬ : ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ, নাগরিকদের ভোটাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা রক্ষার দাবিতে শুক্রবার, ৩০ অক্টোবর আগরতলায় মিছিল করবে ইন্ডিয়া ব্লক। এই কর্মসূচিতে প্রায় আটটি রাজনৈতিক দল সমর্থন জানিয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
কংগ্রেস সভাপতি জানান, শুক্রবার শিশুউদ্যান সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পর্যন্ত যাবে। ভোটার তালিকা থেকে যোগ্য নাগরিকদের নাম বাদ পড়ার অভিযোগ তুলে সংশ্লিষ্টদের ভোটাধিকার সুনিশ্চিত করার দাবি জানানো হবে। পাশাপাশি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিও তুলবে কংগ্রেস।আশিস কুমার সাহা বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এই কর্মসূচিতে শিক্ষিত বেকার যুবক-যুবতী, চাকরিপ্রার্থী, ছাত্রছাত্রী, শ্রমিক এবং তফসিলি জাতি, জনজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কথিত বাধা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা, সংবাদমাধ্যমের অধিকার এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শাসক দলের সদস্যদেরও গণতন্ত্র রক্ষার এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান আশিস কুমার সাহা। শুক্রবারের এই কর্মসূচির মধ্য দিয়ে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার দাবিকে আরও জোরালো করতে চাইছে ইন্ডিয়া ব্লক।





