আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম পুনর্বহালের দাবিতে আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল পাঁচ বামপন্থী দল। সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এবং সিপিআইএমএল-এর উদ্যোগে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীদের চার দফা দাবির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ করা, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং নির্বাচন কমিশনের স্বাধীন ও গণতান্ত্রিক কার্যপ্রণালী নিশ্চিত করা। পাশাপাশি নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান ব্যবস্থায় পরিবর্তনের দাবিও জানানো হয়।সমাবেশে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ১৩ কোটি ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ এবং নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নতুন আইন প্রণয়নের দাবিও জানান তিনি।বাম নেতৃত্বের অভিযোগ, ভোটার নথিভুক্তকরণ, নাম বাদ দেওয়া ও পুনর্বহাল এবং এসআইআর পরিচালনার মতো বিষয়ে দুই নির্বাচন কমিশনার আপত্তি জানালেও তাঁদের সম্মতি ছাড়াই মুখ্য নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, এই ধরনের সিদ্ধান্তের ফলে নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।নির্বাচন কমিশনের স্বাধীনতা ও কার্যপ্রণালী আরও স্বচ্ছ করতে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যবস্থার দাবিও তুলে ধরেন বাম নেতৃত্ব।






