আগরতলা, ৫ সেপ্টেম্বর ২০২৬ : আসন্ন এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলায় শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নির্বিঘ্ন রাখতে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক।রাজ্য নির্বাচন কমিশনার পি. কে. চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত দাস, সংশ্লিষ্ট ব্লকের বিডিও তথা রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা।বৈঠকে মূলত মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া, মনোনয়নপত্র মুদ্রণ, নির্বাচন পরিচালনার বিভিন্ন ধাপ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ভোটগ্রহণের আগে ও নির্বাচন চলাকালীন প্রশাসনিক সমন্বয় কীভাবে আরও কার্যকর করা যায়, তা নিয়েও আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করা হয়।নির্বাচন যাতে নির্ধারিত নিয়ম মেনে শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন রাজ্য নির্বাচন কমিশনার পি. কে. চক্রবর্তী।প্রশাসনিক সূত্রে জানা গেছে, পশ্চিম জেলার পর আগামীকাল গোমতি জেলাতেও এডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে অনুরূপ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে।





