আগরতলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ঃ সারা ভারত কৃষক সভার ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলনকে ঘিরে মঙ্গলবার আগরতলার আস্তাবল ময়দানে অনুষ্ঠিত হলো বৃহৎ প্রকাশ্য সমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে কৃষক, সংগঠনের কর্মী ও সমর্থকদের মিছিল করে আস্তাবল ময়দানে জড়ো হতে দেখা যায়। ফলে গোটা এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।মঙ্গলবার থেকে আগরতলা টাউন হলে শুরু হয়েছে সারা ভারত কৃষক সভার তিনদিনব্যাপী ২২তম ত্রিপুরা রাজ্য সম্মেলন। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সম্মেলনের সূচনা উপলক্ষে এদিন আস্তাবল ময়দানে আয়োজন করা হয় প্রকাশ্য সমাবেশের।সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হয় সমাবেশের মূল পর্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঘোর দেববর্মা। বক্তব্য রাখেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণান, সর্বভারতীয় সহ সভাপতি হান্নান মোল্লা এবং ত্রিপুরা রাজ্য সম্পাদক পবিত্র কর। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য ও সর্বভারতীয় স্তরের অন্যান্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকেও সংগঠনের একাধিক নেতা-নেত্রী সমাবেশে অংশ নেন।
সমাবেশের আগে আয়োজিত মিছিলে কৃষকদের বিভিন্ন দাবি ও সমস্যার বিষয় তুলে ধরা হয়। মিছিল শেষে আস্তাবল ময়দানে জমায়েত হন অংশগ্রহণকারীরা। কৃষক ও সংগঠনের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থলে ছিল ব্যাপক ভিড়।তিনদিনের রাজ্য সম্মেলনে কৃষকদের বিভিন্ন সমস্যা, সংগঠনের সাংগঠনিক বিষয় এবং আগামী দিনের আন্দোলন ও কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে






