আগরতলা : অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাজধানীর জয়পুর সীমান্ত এলাকার লঙ্কামুড়া বি ও পি (বর্ডার আউট পোস্ট) সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, সে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে।আটক যুবকের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে। ঘটনার পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে বিএসএফ সূত্রে জানানো হয়েছে।





