আগরতলা,২৬ এপ্রিল : রাজ্য সফরে এলেন কংগ্রেসের সদর জেলার পর্যবেক্ষক বিজয় লক্ষ্মী সাধু। রবিবার তিনি প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানান কংগ্রেসের সংগঠন সৃজন অভিযান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচীর মূল উদ্দেশ্য কংগ্রেস দলকে শক্তিশালী করা। অনেক কষ্টের ফল স্বাধীনতা। বর্তমানে সংবিধান সঙ্কটের মুখে। পার্লামেন্ট এমন একটা প্লাটফর্ম যেখানে জনগণ প্রতিনিধিদের পাঠায় আওয়াজ তোলার জন্য।অথচ সেই পার্লামেন্টে বর্তমানে জনপ্রতিনিধিরা আওয়াজ তুলতে পারছেন না। তাই রাহুল গান্ধী কাশ্মীর থেকে কন্যা কুমারী পর্যন্ত পদ যাত্রা সংগঠিত করেছেন। সকলের মনের কথা শুনেছেন। প্রতি গ্রামে প্রতিটি জেলায় কংগ্রেসের সংগঠন রয়েছে। কিন্তু তাকে আরও শক্তিশালী করতে হবে। তার জন্য সংগঠন সৃজন অভিযান শুরু করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বদের এক একটি জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে তারা জেলায় জেলায় গিয়ে মানুষের সাথে কথা বলে নেতৃত্ব তুলে আনতে সক্ষম হয়। অনুরূপ ভাবে তিনি নিজেও কংগ্রেসের সদর জেলার প্রতিটি ব্লক এলাকায় যাবেন। কথা বলবেন মানুষের সাথে। কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে পারবে এমন লোকের নাম সংগ্রহ করবেন।





