আগরতলা, ২৯ জুন, ২০২৬ : উত্তর-পূর্বাঞ্চলের ১২৮টি জেলার মধ্যে ১২৬টি জেলাতেই ন্যাশনাল ক্যাডেট কোর (এনসিসি) তাদের কার্যক্রম বিস্তৃত করেছে এবং পুরো অঞ্চলজুড়ে প্রায় ১.৭০ লক্ষ এনসিসি ক্যাডেট যেকোনো সময় সেবার জন্য প্রস্তুত রয়েছে। আজ আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত ‘কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প (CATC)-৫০’ পরিদর্শনের সময় এনসিসি ডিরেক্টরেট (উত্তর-পূর্বাঞ্চল)-এর সহকারী মহাপরিচালক (এডিজি) মেজর জেনারেল অনুরাগ ভিজ এ কথা বলেন।১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র উদ্যোগে শহীদ ভগৎ সিং যুব আবাসে ১০ দিনব্যাপী এই ‘কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প’ চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫৫০ জন দ্বিতীয় ও তৃতীয় বর্ষের এনসিসি ক্যাডেট এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এই ক্যাম্পের লক্ষ্য হলো ক্যাডেটদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য, নেতৃত্ব ও দেশপ্রেমের মনোভাব গড়ে তোলা এবং একইসঙ্গে মাদকাসক্তি, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস থেকে তরুণদের দূরে থাকতে উৎসাহিত করা। অনুষ্ঠানে মেজর জেনারেল অনুরাগ-কে স্বাগত জানান শিলচর এনসিসি গ্রুপের গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং, ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র কমান্ডিং অফিসার কর্নেল এন.এস. ভাট এবং এনসিসি-র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মেজর জেনারেল ভিজ দায়িত্বশীল ও সুশৃঙ্খল নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে এনসিসি’র প্রশিক্ষণ শিবিরের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং ক্যাম্প’ক্যাডেটদেরনেতৃত্বগুণ, দলীয়ভাবে কাজ করার দক্ষতা, আত্মবিশ্বাস ও দেশপ্রেম বিকাশের সুযোগ করে দেয় এবং একই সাথে তাদের সমাজের দায়িত্বশীল সদস্য হিসেবে গড়ে উঠতে প্রস্তুত করে।
তিনি আরও বলেন যে, এই শিবিরের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তরুণদের মাদকাসক্তি ও মোবাইল ফোনের ওপর অত্যধিক নির্ভরশীলতার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এনসিসি ক্যাডেটদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ক্যাডেটরা ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে লোকসংগীত, যোগব্যায়াম প্রদর্শন এবং দলীয় পরিবেশনায় অংশ নেন। রামঠাকুর কলেজের ক্যাডেটরা ‘অপারেশনসিঁদুর’-এরওপর একটি বিশেষ পরিবেশনার মাধ্যমে দেশের সশস্ত্র বাহিনীর সাহস, আত্মত্যাগ ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।






