আগরতলা, ১৫ মে, ২০২৬ : রাজ্যে ২০২৬-২৭ সালের প্রথম পর্যায়ের জনগণনা শুরু হবে আগামী ১ আগস্ট থেকে জেলাশাসক পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন কার্যালয়ের উদ্যোগে এবং ত্রিপুরা সেনসাস অপারেশন অধিকর্তার কার্যালয় ও ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় সোনারতরী রাজ্য অতিথিশালায় সেনসাস অব ইন্ডিয়া ২০২৭-এর সাথে যুক্ত আধিকারিক, সুপার ভাইজার, ইনোমেরেটরদের নিয়ে প্রথম পর্যায়ের তিনদিনব্যাপী এক প্রশিক্ষণ শিবির শুক্রবার শেষ হয়েছে। এই প্রশিক্ষণ শিবিরে পশ্চিম জেলার অন্তর্গত ৯টি ব্লকের বিডিওগণ, নগর পঞ্চায়েত ও পুরপরিষদ এবং আগরতলা পুরনিগমের আধিকারিকগণ, জেলার তিনটি মহকুমার মহকুমা শাসকগণ, পরিসংখ্যান দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকগণ এবং জেলা প্রশাসন কার্যালয়ের আধিকারিকগণ অংশগ্রহণ করেন।প্রশিক্ষণ শিবিরের শেষে আজ অতিথিশালার কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার জানান, রাজ্যে ২০২৬-২৭ সালের প্রথম পর্যায়ের জনগণনা শুরু হবে আগামী ১ আগস্ট থেকে এবং তা চলবে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত। এর আগে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত চলবে সেলফ অ্যানুমারেশন বা স্ব-গণনা পর্ব। এই সময়ে মোবাইল অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজের বা পরিবারের তথ্য যে কেউ প্রদান করতে পারবেন। এই ব্যবস্থায় বাড়ি বাড়ি গণনাকারী কর্মীগণ আসার আগেই নাগরিকেরা নিজের মোবাইলের মাধ্যমে তথ্য জমা দিতে পারবেন। এই সেলফ অ্যানুমারেশনের সুরক্ষিত ওয়েবসাইটটি হলো se.census.gov.ini এই ওয়েবসাইটে গিয়ে সকল তথ্য সফলভাবে জমা দেওয়ার পর একটি নিজস্ব সেলফ অ্যানুমারেশন আইডি তৈরি হবে। গণনাকারী আধিকারিকগণ বাড়িতে আসলে এই আইডি দেখালে তারা তথ্য যাচাই করে তা মূল ডাটাবেসে অন্তর্ভুক্ত করে নেবেন। এই ব্যবস্থাটি বাংলা ভাষা সহ ১৬টি ভাষায় থাকবে। জেলাশাসক জানান, এটি ডিজিটাল ইন্ডিয়ার আওতায় এক ধরনের স্ব-গণনা প্রক্রিয়া। এই পদ্ধতিতে জনগণনার ফলে গণনা যেমন সহজ ও সরল হবে তেমনি সময়ও কম নেবে।জেলাশাসক জানান, আগামী ১ আগস্ট থেকে আগস্ট, ২০২৬ পর্যন্ত সারা রাজ্যের সাথে পশ্চিম জেলায়ও হাউজলিস্টিং ও হাউজিং সেনসাসের তথ্য সংগ্রহের মাঠ পর্যায়ের কাজ অনুষ্ঠিত হবে। এই কাজ শুরুর পূর্বে এই কাজে নিযুক্ত জনগণনাকারী আধিকারিক ও সুপারভাইজারদের এই বিষয়ে দায়িত্বপূর্ণ ভূমিকার বিষয়ে কিছু মৌলিক নির্দেশাবলী ভালোভাবে জানানোর লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি সাংবাদিকদের জানান, এই তিনদিনের প্রশিক্ষণ শিবিরে এই কাজে নিযুক্ত সকলকে মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহের পদ্ধতি, ধারণা ও এই ইউজার ম্যানুয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।





