25.7 C
Agartala
Tuesday, July 14, 2026

Buy now

spot_img

পশ্চিম ত্রিপুরায় জনগণনা ২০২৭ উপলক্ষ্যে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুলাই, ২০২৬ : জনগণনা ২০২৭ উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের অফিসের কনফারেন্স হলে জেলা স্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্বগণনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আসন্ন জনগণনা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে বিভিন্ন সরকারি দপ্তরগুলিকে অবহিত করা। কর্মশালায় পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার জানান যে, জনগণনা ২০২৭ দুইটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে হাউস লিস্টিং অপারেশন আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সময় নিযুক্ত এনুমারেটর ও সুপারভাইজারগণ বাড়ি বাড়ি গিয়ে পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এরজন্য প্রায় দুই হাজার এর উপর কর্মী নিযুক্ত করা হয়েছে।

পরবর্তীতে ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে জনগণনার দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা অনুষ্ঠিত হবে। যেখানে প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত ও সামাজিক-অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে। জেলাশাসক আরও জানান, এবারের জনগণনায় প্রথমবারের মতো নাগরিকদের জন্য স্বগণনার সুবিধা চালু করা হয়েছে। পরিবারের সদস্যগণ অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য সরাসরি জনগণনা পোর্টালে নথিবদ্ধ করতে পারবেন। স্বগণনার জন্য নির্ধারিত প্রশ্নাবলীতে মোট ৩৪টি সহজ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যার উত্তর নাগরিকরা নিজেরাই দিতে পারবেন। এই সুবিধা আগামী ৯ আগস্ট থেকে ৩০ আগস্ট, ২০২৬ পর্যন্ত চালু থাকবে এবং প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পোর্টাল ব্যবহার করা যাবে। জেলাশাসক জানান, জনগণনা পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এনুমারেটর ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তা সম্পূর্ণ হবে। পাশাপাশি জেলার সর্বত্র হাউস লিস্টিং ব্লক গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের কাছে মানচিত্র ও দায়িত্বপ্রাপ্ত এলাকার বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়েছে। স্বগণনায় সর্বাধিক সংখ্যক পরিবারের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আগামী ১৭ জুলাই জেলার সরকারি কর্মচারি, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, গ্রাম রোজগার সহায়ক, পঞ্চায়েত কর্মী সহ বিভিন্ন স্তরের কর্মীরা স্বগণনা সম্পন্ন করবেন। এছাড়া ১৮ জুলাইয়ের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও এই প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। জেলা প্রশাসন বিভিন্ন সরকারি দপ্তর, নগর স্থানীয় সংস্থা, স্বনির্ভর গোষ্ঠী, শিক্ষা প্রতিষ্ঠান, কমন সার্ভিস সেন্টার, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমের সহযোগিতায় ব্যাপক প্রচারাভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। স্বগণনার জন্য নির্ধারিত পোর্টাল: https://se.census.gov.in।জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে স্বগণনা, হাউস লিস্টিং অপারেশন এবং জনসংখ্যা গণনা- এই তিনটি পর্যায়ে সক্রিয়ভাবে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনগণনার সময় সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন জেলাশাসক। জনগণনা সংক্রান্ত যেকোনও তথ্য বা সমস্যার ক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। জেলাশাসক আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত সহযোগিতায় পশ্চিম ত্রিপুরা জেলা জনগণনা ২০২৭-এর সফল বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ জেলা হিসেবে বিবেচিত হবে। কর্মশালার শেষে জেলাশাসক ডা. বিশাল কুমার সাংবাদিকদের কর্মশালার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles