আগরতলা : বুধবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এর উদ্যোগে আগরতলায় কংগ্রেস ভবন প্রাঙ্গণে গণঅবস্থান কর্মসূচি পালিত হয়। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি উদয় ভানু চিবের এর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার ভোরবেলা দিল্লি পুলিশ দিল্লি পুলিশ ভারতীয় যুব কংগ্রেস এর জাতীয় সভাপতি উদয় ভানু চিবকে গ্রেপ্তার করে। অভিযোগ, সম্প্রতি সমাপ্ত এআই ইমপ্যাক্ট সামিট চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শার্টবিহীন বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনায় তাঁকে আটক করা হয়। যুব কংগ্রেসের দাবি, প্রায় ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর উদয় ভানু চিবকে গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংগঠনের রাজ্য নেতৃত্ব জানায়, “গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। অবিলম্বে উদয় ভানু চিবকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।”গণঅবস্থান কর্মসূচিতে যুব কংগ্রেসের রাজ্য নেতৃত্বসহ বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা কেন্দ্র সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেন এবং গ্রেপ্তারের প্রতিবাদে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।






