আগরতলা : শহরের যানজট ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে আগরতলা পৌর নিগমের উদ্যোগে বুধবার ভোররাত থেকেই শুরু হয় উচ্ছেদ অভিযান। বটতলা এলাকা থেকে শুরু করে পোস্ট অফিস পর্যন্ত রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও দোকানপাট সরিয়ে দেওয়া হয় এই অভিযানে।
পৌর নিগমের আধিকারিকদের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে রাস্তার উপর দখল করে রাখা বিভিন্ন অস্থায়ী কাঠামো ভেঙে ফেলা হয়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা চলার ফলে পথচারী ও যান চলাচলে সমস্যা হচ্ছিল বলে অভিযোগ ছিল।পৌর নিগম সূত্রে জানানো হয়েছে, শহরের সৌন্দর্যায়ন এবং সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে। একই সঙ্গে ব্যবসায়ীদের নির্দিষ্ট নিয়ম মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় বাসিন্দাদের একাংশ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তবে কিছু ব্যবসায়ী ক্ষোভও উগরে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।





