আগরতলা,২৫ এপ্রিল : রাজধানীতে জন আক্রোশ মহিলা পদযাত্রা প্রদেশ বিজেপি-র। মূলত সংসদে বিরোধীদের বিরোধিতার কারনে মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে ব্যর্থ হয় কেন্দ্রীয় সরকার। তারই প্রতীবাদ জানিয়ে এইদিন প্রদেশ বিজেপির উদ্যোগে রাজধানীতে জন আক্রোশ মহিলা পদযাত্রার আয়োজন করা হয়। এইদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়িকা কল্যাণী সাহা রায়, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা। এইদিনের এই পদযাত্রা আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। পদযাত্রা শেষে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশ পুত্তলিকা পোড়ানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ২০২৩ সালে মহিলা সংরক্ষণ বিলটি আইনে পরিণত হয়। এই আইনের সংশোধনী এনে ২০২৬ সালে লোকসভায় সংশোধিত মহিলা সংরক্ষণ বিল পেশ করা হয়। কিন্তু ইন্ডি জোট সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করেছে। এতে মহিলাদের সাথে একটা অন্যায় করা হয়েছে। তাই এইদিন আক্রোশ মহিলা পদযাত্রা সংগঠিত করা হয়েছে।






