আগরতলা : রবিবার পবিত্র মহা শিবরাত্রি । বিকেল থেকে শিবরাত্রির পুণ্য তিথি শুরু হতেই শহরের বিভিন্ন শিবমন্দিরে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। হাতে বেলপাতা, ধুতুরা, গঙ্গাজল ও দুধ নিয়ে সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভক্তদের দীর্ঘ লাইন চোখে পড়ে।শিবভক্তরা উপবাস থেকে ‘ওঁ নমঃ শিবায়’ জপ করতে করতে শিবলিঙ্গে জল ঢালেন। বহু মন্দিরে বিশেষ পুজো, রুদ্রাভিষেক ও মহাআরতির আয়োজন করা হয়েছে। সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় সেজে ওঠে শহরের একাধিক মন্দির প্রাঙ্গণ।হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী, এই পবিত্র রাত্রিতেই দেবাদিদেব শিবের আবির্ভাব ঘটে। অনেকে মনে করেন, এদিনই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয়। তাই দিনভর উপবাস ও রাত্রিজাগরণ করে ভক্তরা শিবের আরাধনা করেন।ভিড় সামাল দিতে শহরের গুরুত্বপূর্ণ মন্দিরগুলিতে পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও কোথাও আলাদা প্রবেশ ও প্রস্থান পথের ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তদের অসুবিধা না হয়।ভক্তদের কথায়, “বছরে একবার এই দিনে শিবের মাথায় জল ঢালতে পারা আমাদের কাছে বড় আশীর্বাদ।”রাতভর চলবে শিবের পুজো।





