28.8 C
Agartala
Wednesday, October 28, 2026

Buy now

spot_img

ত্রিপুরায় এনসিসি-র উদ্যোগে জাতীয় স্তরের এ ধরণের ক্যাম্পের আয়োজন রাজ্যের জন্য একটি গর্বের বিষয়

আগরতলা, ১১ অক্টোবর, ২০২৬ : ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন এনসিসি ডিরেক্টরেট জেনারেলের তত্ত্বাবধানে এবং ১৩ ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি-র আয়োজনে রবিবার  নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি (টিআইটি)-তে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘বীর বিক্রম একতা ক্যাম্প-২০২৬’ (বিশেষ জাতীয় সংহতি ক্যাম্প-১) সমাপ্ত হয়েছে।আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে গত ১ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই ক্যাম্পে দেশের বিভিন্ন রাজ্য ও অঞ্চল থেকে ৪০০ জন এনসিসি ক্যাডেট অংশ নিয়েছেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং। এছাড়াও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি-র কমান্ডিং অফিসার কর্নেল এন, এস, বাথ, ব্যাটালিয়ানের প্রশাসনিক আধিকারিক বিকাশ মালিক, ৭১ কোম্পানির ভারপ্রাপ্ত আধিকারিক এবং টিআইটি, নরসিংপড়ের অধ্যক্ষ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন, ত্রিপুরায় এনসিসি-র উদ্যোগে জাতীয় স্তরের এ ধরণের ক্যাম্পের আয়োজন রাজ্যের জন্য একটি গর্বের বিষয়। এই ক্যাম্পটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪০০ জন ক্যাডেটকে একত্রিত করেছে। ক্যাম্পটিকে সফল করে তোলার জন্য আয়োজক ব্যাটেলিয়ান, ক্যাম্পের কর্মী এবং অংশগ্রহণকারী ক্যাডেটদের তিনি প্রশংসা করেন। তিনি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দলীয় সংহতি (টিমওয়ার্ক), দেশপ্রেম এবং দায়িত্ববোধ গড়ে তোলার ক্ষেত্রে এনসিসি প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি ক্যাডেটদের জাতীয় সংহতির চেতনা সুসংহত রাখতে এবং দেশের অগ্রগতি ও উন্নয়নে তাদের অবদান রাখার জন্য উৎসাহিত করেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলগুলোর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা ছিল অন্যতম আকর্ষণ, যেখানে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য, রীতিনীতি ও সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরা হয়। সমাপ্তি অনুষ্ঠানে ‘জাতীয় সংহতি সচেতনতা কর্মসূচি’ (NIAP) প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের সাংস্কৃতিক প্রতিভা, সৃজনশীলতা, দলীয় সমন্বয় এবং জাতীয় সংহতি বিষয়ক বোঝাপড়া তুলে ধরে। এক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে জম্মু-কাশ্মীর ও লাদাখ, দ্বিতীয় স্থান গুজরাট এবং তৃতীয় স্থান অর্জন করে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles