আগরতলা, ৩ অক্টোবর, ২০২৬ : আগরতলা শহরসহ রাজ্যের বিভিন্ন শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকভাবে গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা। শনিবার উজান অভয়নগর বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী পুকুরের সংস্কার, আধুনিকীকরণ ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।মুখ্যমন্ত্রী বলেন, পরিচর্যার অভাব ও সঠিক পরিকল্পনার অভাবে অতীতে আগরতলা শহরের বহু ঐতিহ্যবাহী পুকুর ও জলাশয় অস্তিত্ব সংকটে পড়েছিল। জলাশয় ভরাটের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বর্ষাকালে জলনিকাশির সমস্যাও দেখা দিত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুরনিগম ও সংশ্লিষ্ট দপ্তরগুলির উদ্যোগে গুরুত্বপূর্ণ জলাশয় চিহ্নিত করে সেগুলি পুনরুদ্ধার ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে।অমৃত প্রকল্পের আওতায় উজান অভয়নগর বাজারের পুকুরটি সংস্কার করা হয়েছে। পুকুরের চারপাশে বাঁধানো অংশ, হাঁটার পথ, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বসার বেঞ্চ এবং সবুজায়নের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের প্রাতঃভ্রমণ ও অবসর কাটানোর জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, আগরতলাকে আরও বাসযোগ্য ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ, যানজট নিরসনে বিকল্প সড়ক, সৌরবিদ্যুৎ ও স্ট্রিট লাইট স্থাপন এবং পার্ক ও জলাশয় সংরক্ষণের মতো বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে রাজ্যের অন্যান্য জেলা সদর, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত এলাকাতেও উন্নয়নমূলক কাজ চলছে।নাগরিকদের সরকারি সম্পত্তি রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুকুর ও তার আশপাশে প্লাস্টিক, থার্মোকল বা আবর্জনা ফেলা থেকে সকলকে বিরত থাকতে হবে।অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, অমৃত প্রকল্পের আওতায় ৩ কোটিরও বেশি টাকা ব্যয়ে পুকুরটির সংস্কার ও সৌন্দর্যায়ন করা হয়েছে। দীর্ঘদিনের দখল, আবর্জনা ও দূষণের সমস্যা কাটিয়ে জলাশয়টিকে আধুনিক ও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে।তিনি জানান, ২০২১ সালে বর্তমান পুরনিগম দায়িত্ব নেওয়ার পর থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা, নিকাশি, ড্রেন, স্ট্রিট লাইট, পার্ক ও জলাশয় সংস্কারের কাজ অগ্রাধিকার দিয়ে করা হচ্ছে। আগরতলা শহরের আরও প্রায় ২৪-২৫টি পুরনো জলাশয় ও পার্ককে পুনরুদ্ধার করে পর্যটন ও বিনোদনের উপযোগী করে তোলার কাজ চলছে।অনুষ্ঠানের শুরুতে ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। পরে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে নবসজ্জিত জলাশয়টি পরিদর্শন করেন। অনুষ্ঠানে পুকুরটির সংস্কার ও সৌন্দর্যায়ন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়।অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর হীরালাল দেবনাথ, প্রদীপ চন্দ, কমিশনার সাজু ওয়াহিদ-সহ পুরনিগমের জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন।






