আগরতলা, ৫ জুলাই ২০২৬ : সিনিয়র শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে সম্পূর্ণ অব্যাহতির দাবিতে শনিবার আগরতলার রাজপথে যৌথ শিক্ষক মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে TGTA (H.B. Road) এবং TTA (H.B. Road)। এতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে সমাবেশস্থলে পৌঁছায়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসা সিনিয়র শিক্ষকদের আবার টেট পরীক্ষায় অংশগ্রহণের বাধ্যবাধকতা অযৌক্তিক। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার যেন অর্ডিন্যান্স জারি করে সিনিয়র শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি প্রদান করে।বক্তারা আরও বলেন, বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের পেশাগত মর্যাদা, সম্মান এবং কর্মজীবনের বাস্তবতা বিবেচনায় নিয়ে দ্রুত এই বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। সমাবেশে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি (H.B. Road)-এর সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলেন, সিনিয়র শিক্ষকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি জানান, শিক্ষকদের স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও ধারাবাহিকভাবে বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে।





