আগরতলা,২৮ জুন : গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। প্রাথমিকভাবে ৪ জনকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার আরও ৪ জনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট ব্যবহার করে ভারতের বিভিন্ন ভিনরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে তার আগেই গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয় এয়ারপোর্ট থানার পুলিশ। আটক ব্যক্তিরা কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন, কীভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং তাদের সঙ্গে কোনো দালাল চক্র বা আন্তঃরাজ্য নেটওয়ার্ক জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুশান্ত দেব জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ৪ জনকে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।





