আগরতলা, ১৬ জুলাই, ২০২৬ : ‘জনগণনা ২০২৭’কে কেন্দ্র করে আগামীকাল ১৭ জুলাই থেকে রাজ্যে শুরু হতে চলছে স্ব-গণনা বা সেলফ এনোমারেশন কর্মসূচি। চলবে ৩১ জুলাই পর্যন্ত। এর মাধ্যমে রাজ্যের নাগরিকগণ ঘরে বসেই se.census.gov.in এই অনলাইন পোর্টালের মাধ্যমে স্ব-গণনা অর্থাৎ নিজেদের তথ্য নিজেরাই পূরণ করতে পারবেন। বৃহস্পতিবার সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান, সেন্সাস অপারেশনের অধিকর্তা রতন বিশ্বাস সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই স্ব-গণনায় মূলত বাড়ি ঘরের অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, শৌচাগার, ইন্টারনেট এই ধরণের ৩৩টি গৃহস্থলীর সুবিধা সমূহের তথ্য জানাতে হবে। পরিবারের যেকোন একজন সদস্যের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্তকরণের মাধ্যমে সম্পূর্ণ পরিবারের তথ্য পোর্টালে আপলোড করা যাবে। তথ্য প্রদানের পর একটি SE-ID নম্বর জারি হবে।সাংবাদিক সম্মেলনে অধিকর্তা রতন বিশ্বাস আরও জানান, পরবর্তীতে ১ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে হাউস লিস্টিং ও হাউজিং সেন্সাস। সেই সময় আধিকারিকগণ বাড়ি বাড়ি গিয়ে পুনরায় প্রকৃত তথ্যের সমীক্ষা করবেন। সেই সময় স্ব-গণনার পর জারি হওয়া SE-ID নম্বরটি পরিদর্শনরত আধিকারিকদের দেখাতে হবে। এই নম্বরটি দেখালেই পূরণকৃত তথ্য যাচাই ও নিশ্চিত হয়ে যাবে। এক্ষেত্রে সেলফ এনোমারেশনের সময় যদি কোন ধরণের ভুল হয়ে থাকে তা আধিকারিকগণ ঐ সময়েই ঠিক করে নেবেন। এই স্ব-গণনা কর্মসূচির ফলে নাগরিকদের অনেকটা সময় বেচে যাবে। সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে অধিকর্তা জানান, প্রায় ৮ হাজার সরকারি কর্মচারি এই কর্মকান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। উল্লেখ্য এবারের ‘জনগণনা ২০২৭’ সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে কোন ধরণের কাগজের ব্যবহারের পাশাপাশি সরাসরি স্বাক্ষরেরও ব্যবস্থা থাকবে না। ২০১১ সালে শেষ জনগণনা অনুষ্ঠিত হয়েছিল।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইকোনমিক্স এন্ড স্ট্যাটেস্টিক্স এর অধিকর্তা দেবানন্দ রিয়াং, যুগ্ম অধিকর্তা পি. ডারলং, সেন্সাস অপারেশনের ডিআরজি পি. এন. চৌধুরী প্রমুখ।





