আগরতলা, ৩০ অক্টোবর, ২০২৬ : প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষায় বিভিন্ন ধরণের আইন প্রয়োগ, সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের সন্তান ও পরিবার পরিজনদের পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরী। শুক্রবার আগরতলার ড. শ্যামাপ্রসাদ মুখার্জী টাউনহলে রাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রবীণ নাগরিক দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার একথা বলেন।সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র বলেন, কর্মব্যস্ততার মধ্যেও প্রবীণ নাগরিকদের প্রতি তাদের পরিবার পরিজনদের মানবিক দায়িত্ব পালন করতে হবে। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়াই যথেষ্ট নয়, পরিবার ও সমাজের প্রতিও দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি ব্যক্তির মানবিক মূল্যবোধের কারণে একটি সুন্দর পরিবার এবং সমাজ গড়ে ওঠে। সেই পরিবার ও সমাজে প্রবীণ নাগরিকগণ সুস্থ, নিরাপদ এবং সম্মানজনকভাবে জীবন যাপন করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা। প্রবীণ নাগরিকদের বিভিন্ন সরকারি সুবিধা, প্রকল্প, অধিকার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, আইন দপ্তরের আন্ডার সেক্রেটারি দ্বীপান্বিতা গাঙ্গুলী, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা এল রাঞ্চল।অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক ৪টি বিভাগে নির্বাচিত প্রবীণ নাগরিকগণকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। ৯০ বছর উর্দ্ধ প্রবীণ সম্মান বুধুরাই দেববর্মা, ৭০ বছর উর্দ্ধ প্রবীণ কর্মজীবন সম্মান অবসরপ্রাপ্ত ইঞ্জিনীয়ার নিশীথ বিদ্যুৎ বিশ্বাস, জেলা শ্রেষ্ঠ ৬০ বছর উর্দ্ধ প্রবীণ সৃজনকলা সম্মান সসীম আচার্য এবং জেলা শ্রেষ্ঠ ৬০ বছর উর্দ্ধ প্রবীণ সাহসিকতা সম্মান ও পুরস্কার পেয়েছেন সিতেশ ভট্টাচার্য। পুরনিগমের মেয়র সহ অতিথিগণ তাদের হাতে সম্মাননা তুলে দেন। এবার দূর্গাপুজার সময় যেসব ক্লাব প্রবীণ নাগরিকদের অধিকার ও তাদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে এমন ৩টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। আপনাঘর, সান্ধনীড় এবং মহাত্মাগান্ধী মেমোরিয়্যাল বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষকেও এই অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। প্রবীণ নাগরিকদের পক্ষে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত চিকিৎসক অশোক মজুমদার।





