Site icon northeast8.com

৫ দিনের ব্যাংকিং ব্যবস্থা চালুর দাবিতে ২৮-৩০ সেপ্টেম্বর তিন দিনের ধর্মঘটের ডাক UFBU-এর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর২০২৬ : সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালু, পর্যাপ্ত কর্মী নিয়োগসহ একাধিক দাবিতে আগামী ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস (UFBU)। সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মঘটের দিন রাজ্যের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও গ্রামীণ ব্যাংকের শাখাগুলির পরিষেবা ব্যাহত হবে।

UFBU-র দাবি, ২০২৪ সালের ৩০ মার্চ ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (IBA)-এর সঙ্গে চুক্তি অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে সমঝোতা হলেও এখনও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অনুমোদন মেলেনি। সংগঠনের বক্তব্য, বিষয়টি কার্যকর করার জন্য একাধিকবার IBA ও Department of Financial Services (DFS)-এর সঙ্গে বৈঠক এবং বিভিন্ন আন্দোলন কর্মসূচি হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।UFBU-র ত্রিপুরা কমিটির বক্তব্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর দেশব্যাপী এক দিনের ব্যাংক ধর্মঘট পালনের পরও দাবিগুলি পূরণ না হওয়ায় এবার ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠন জানিয়েছে, এরপরও দাবি পূরণে অগ্রগতি না হলে ২৬ অক্টোবর থেকে দেশব্যাপী লাগাতার ধর্মঘটের কর্মসূচি নেওয়া হয়েছে।সংগঠনের দাবি, সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং ব্যবস্থা চালু হলে কর্মীদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার সুযোগ বাড়বে। এর বিনিময়ে প্রতিদিন অতিরিক্ত ৪০ মিনিট গ্রাহক পরিষেবায় কাজ করার প্রস্তাবও রয়েছে বলে UFBU জানিয়েছে।UFBU-র আরও অভিযোগ, কর্মীস্বল্পতার কারণে বর্তমানে ব্যাংক কর্মী ও অফিসারদের ওপর কাজের চাপ বেড়েছে। শাখার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক ক্ষেত্রে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছে বলে সংগঠনের দাবি। ডিজিটাল ব্যাংকিং পরিষেবার প্রসার এবং ব্যাংকিং পরিষেবার বৈচিত্র্য বৃদ্ধির প্রেক্ষিতে পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা সময়োপযোগী বলেও দাবি করেছে সংগঠনটি।ধর্মঘটে অংশগ্রহণকারী কর্মীদের তিন দিনের বেতন কাটা যেতে পারে বলে জানিয়ে UFBU-র ত্রিপুরা কমিটি জানিয়েছে, তবুও দাবিগুলি আদায়ে কর্মী ও অফিসাররা আন্দোলন চালিয়ে যেতে প্রস্তুত।পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থার পাশাপাশি বৈষম্যমূলক কর্মী-স্কিম বন্ধ করা এবং ব্যাংকিং শিল্পে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগের দাবিও জানিয়েছে UFBU। সংগঠনের ত্রিপুরা রাজ্য কমিটির কনভেনার সঞ্জয় দত্ত বলেন, ব্যাংক কর্মীরা বিভিন্ন জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতে পরিষেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের বক্তব্য, ব্যাংকিং পেশাজীবীদের কাজের স্বীকৃতি ও কর্মপরিবেশের উন্নতির জন্য পাঁচ দিনের ব্যাংকিং ব্যবস্থা দ্রুত কার্যকর করা প্রয়োজন।

Exit mobile version