আগরতলা : শিবনগর মডার্ন ক্লাব ও অমরা তরুণ দল ২০২৬ সালের দুর্গা পুজোর থিম ঘোষণা করল সোমবার। এদিন ক্লাব ও পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আসন্ন ৭৪তম শারদীয় দুর্গোৎসবের থিম ও পুজোর বিভিন্ন পরিকল্পনার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন ক্লাব সম্পাদক শ্যাম দে এবং পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছর তাদের দুর্গা পুজোর থিম হিসেবে নির্বাচন করা হয়েছে “এক নজরে ত্রিপুরা”। ত্রিপুরা সরকারের পর্যটন উন্নয়নমূলক উদ্যোগকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অপরূপ পর্যটন কেন্দ্রকে পুজো মণ্ডপে তুলে ধরাই এবছরের মূল উদ্দেশ্য।তারা জানান, ত্রিপুরা সরকার পর্যটনকে বিশেষ গুরুত্ব দেওয়ায় রাজ্যের একাধিক দর্শনীয় স্থানের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এর ফলে রাজ্যের পাশাপাশি ভিনরাজ্য থেকেও বহু পর্যটক ত্রিপুরায় ভ্রমণে আসছেন। সেই ভাবনাকে কেন্দ্র করেই এবছর তাদের পুজো মণ্ডপে ত্রিপুরার বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর রেপ্লিকা প্রদর্শিত হবে।পুজো মণ্ডপে থাকছে উজ্জয়ন্ত প্যালেস, জগন্নাথ বাড়ি, কসবা কালী বাড়ি, ঊনকোটি, ত্রিপুরেশ্বরী মন্দির, নীরমহল সহ মোট ১৬টি দর্শনীয় স্থাপনার রেপ্লিকা। ত্রিপুরার ঐতিহ্যবাহী দর্শনস্থলগুলিকে আকর্ষণীয় প্যান্ডাল ও আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হবে।পুজোর প্রতিদিন সন্ধ্যায় দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা, বিশ্রামকক্ষ ও শৌচালয়ের বিশেষ ব্যবস্থা রাখা হবে। অসুস্থ দর্শনার্থীদের জন্য থাকছে অ্যাম্বুল্যান্স পরিষেবাও।
এবছরের পুজো প্যান্ডাল ও প্রতিমা রূপায়ণের দায়িত্বে থাকছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকে আগত খ্যাতনামা শিল্পী সঞ্জিত দেবনাথ। আলোকসজ্জার দায়িত্বে থাকবেন স্থানীয় শিল্পীরা। এবছরের দুর্গা পুজোর আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা।





