আগরতল : “হিন্দু খতরে মে” স্লোগানকে সামনে রেখে ভণ্ড হিন্দুত্ববাদী রাজনীতির অভিযোগ তুলে বিজেপি–আরএসএস পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে সরব হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। হিন্দু জগৎ গুরু শঙ্করাচার্য ও সাধু-সন্ন্যাসীদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বুধবার আগরতলায় এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে কংগ্রেস।
আগরতলা কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে এক প্রতিবাদ সভা হয়। সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর কুশপুত্তলিকা পোড়ানো হয়। মিছিলে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ওঠে এবং ধর্মের নামে রাজনীতির অভিযোগ তোলা হয়।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের একাধিক শীর্ষ নেতা ও কর্মীরা।সভায় বক্তারা অভিযোগ করেন, বিজেপি ও আরএসএস একদিকে নিজেদের হিন্দুত্বের রক্ষাকর্তা হিসেবে তুলে ধরলেও বাস্তবে হিন্দু ধর্মের গুরু, শঙ্করাচার্য ও সাধু-সন্ন্যাসীদের উপর আক্রমণের ঘটনায় নীরব থেকেছে বা প্রত্যক্ষভাবে প্রশাসনের মাধ্যমে দমনমূলক ভূমিকা নিয়েছে। এই দ্বিচারিতার রাজনীতির বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতৃত্ব।কংগ্রেস নেতারা আরও বলেন, ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিজেপি দেশ ও সমাজকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবিষ্যতেও এই ধরনের ঘটনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন জারি রাখবে বলে জানান তারা।
