Site icon northeast8.com

সুস্থ সমাজ গড়তে রক্তদানের পাশাপাশি সামাজিক সমস্যার মোকাবিলা জরুরি: টিংকু রায়

আগরতলা, ১ অক্টোবর, ২০২৬ : সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে শুধু স্বেচ্ছায় রক্তদান নয়, বাল্যবিবাহ, মাদকাসক্তি ও তামাকজাত দ্রব্যের ব্যবহারসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধেও লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়।বৃহস্পতিবার প্রজ্ঞাভবনে জাতীয় স্বেচ্ছা রক্তদান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি বলেন, রক্তের চাহিদা মেটাতে স্বেচ্ছায় রক্তদানের পরিমাণ আরও বাড়াতে হবে। পাশাপাশি কী কারণে রক্তের প্রয়োজন হচ্ছে, তা চিহ্নিত করে সেই প্রয়োজন কমানোর উদ্যোগও নিতে হবে।বাল্যবিবাহের কারণে অল্প বয়সে গর্ভধারণ ও স্বাস্থ্যগত জটিলতা তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে তরুণ প্রজন্মকে মাদকের কবল থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তামাক, গুটখা ও পান সেবনের ক্ষতিকর দিক নিয়েও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন মন্ত্রী।অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব সাজু বাহিদ এ বলেন, রক্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। তাই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন।শেষে রাজ্যের আট জেলার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সঙ্গে যুক্ত ৩১টি সরকারি ও বেসরকারি সংগঠনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি রক্তদান বিষয়ক শিল্পকর্মের জন্য ত্রিপুরা আর্ট কলেজের ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Exit mobile version