আগরতলা, ১ অক্টোবর, ২০২৬ : সাধারণ মানুষকে কোনও ধরনের সমস্যায় না ফেলে নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের অফিস কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এসআইআর (Special Intensive Revision)-এর প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশাবলী তুলে ধরেন।জেলাশাসক জানান, ভোটার তালিকা থেকে কোনও যোগ্য নাগরিকের নাম যাতে বাদ না যায় এবং কোনও অযোগ্য ব্যক্তির নাম যাতে তালিকায় অন্তর্ভুক্ত না হয়, সেই লক্ষ্যেই আগামী ২৭ অক্টোবর থেকে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হবে।তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী খসড়া ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম না থাকলেই তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। একইভাবে, ম্যাপিং না হওয়া বা যৌক্তিক অসংগতির কারণে কোনও ব্যক্তিকে নোটিশ দেওয়া হলেও তাঁকে শুনানির জন্য ইআরও বা এআরও-র দপ্তরে সশরীরে উপস্থিত হতে হবে না।এক্ষেত্রে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও) ওই ভোটারের বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করবেন এবং ইআরও/এআরও-র সিদ্ধান্তের জন্য তা ইসিআই নেটে আপলোড করবেন। ব্যতিক্রমী পরিস্থিতিতে শুনানি প্রয়োজন বলে মনে হলে সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে অনলাইনে শুনানি করা হবে। প্রয়োজনে ভোটার তাঁর পরিবারের কোনও প্রাপ্তবয়স্ক সদস্যকে তাঁর পক্ষে শুনানিতে উপস্থিত থাকার জন্য অনুমোদন করতে পারবেন। এসআইআর চলাকালীন গৃহহীন, শ্রমিক, নাইট শেল্টারে বসবাসকারী এবং অন্যান্য সহায়তাপ্রয়োজনীয় ভোটারদের সহযোগিতার জন্য পর্যাপ্ত সংখ্যক হেল্পডেস্ক ও বিশেষ শিবির চালু করা হবে বলেও জানান জেলাশাসক।তিনি আরও জানান, ফর্ম-৬-এর সঙ্গে যুক্ত ডিক্লারেশন ফর্ম শুধুমাত্র এসআইআর পর্যায়েই ব্যবহার করা হবে। এসআইআর-এর সময়সীমার বাইরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা সংশোধনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন অব ইলেক্টর্স রুলস, ১৯৬০ অনুযায়ী নির্ধারিত ফর্মই প্রযোজ্য হবে।
