আগরতলা : ত্রিপুরার শিক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (CBSE)-এর অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন তিপ্রা মথার এক প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিক সম্মেলন করে দলের শীর্ষ নেতৃত্বরা বিস্তারিতভাবে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।
সাংবাদিক সম্মেলনে নেতৃত্বরা জানান, ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থার উন্নতি, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায় CBSE পাঠ্যক্রম সম্প্রসারণ এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়টি বৈঠকে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। CBSE অধিকর্তা বিষয়গুলি সহানুভূতির সঙ্গে শুনেছেন বলেও জানান তিপ্রা মথার প্রতিনিধিরা।এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ (TBSE)-এর সভাপতির একটি সাম্প্রতিক মন্তব্য নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিপ্রা মথার নেতৃত্বরা। রোমান হরফে পরীক্ষা দিলে মামলা করা হবে—TBSE বোর্ড সভাপতির এই বক্তব্যকে “দমনমূলক ও অগণতান্ত্রিক” বলে আখ্যা দেন তারা।নেতৃত্বদের বক্তব্য, রোমান হরফ বহু আদিবাসী ছাত্রছাত্রীর কাছে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই হরফে পরীক্ষা দেওয়াকে অপরাধ হিসেবে দেখানো হলে পড়ুয়াদের মানসিকভাবে চাপে ফেলা হবে এবং তাদের শিক্ষার অধিকার খর্ব হবে। এই ধরনের মন্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় তিপ্রা মথা।তারা আরও জানান, আদিবাসী ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মান রেখেই শিক্ষানীতি প্রণয়ন করা উচিত। অন্যথায় রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারে দলটি।সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিপ্রা মথা স্পষ্ট বার্তা দেয়—শিক্ষা নিয়ে কোনও আপস নয়, এবং ছাত্রছাত্রীদের স্বার্থে তারা সর্বস্তরে লড়াই চালিয়ে যাবে।





