আগরতলা : শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর আরাধনাকে ঘিরে রাজ্যের বিভিন্ন মূর্তি পাড়ায় এখন চরম ব্যস্ততা। হাতে আর সময় খুব বেশি নেই—এমন পরিস্থিতিতে দিন-রাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত শিল্পীরা।মূর্তি পাড়ায় ঘুরে দেখা গেল, কাদা মাখা হাতে শিল্পীরা নিপুণ দক্ষতায় দেবীর প্রতিমায় শেষ ছোঁয়া দিচ্ছেন। কেউ রং তুলিতে প্রাণ দিচ্ছেন প্রতিমার মুখে, কেউ বা সাজসজ্জায় ব্যস্ত। প্রতিটি মূর্তিতেই ফুটিয়ে তোলা হচ্ছে দেবী সরস্বতীর শান্ত, স্নিগ্ধ রূপ।স্থানীয় শিল্পীদের কথায়, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান ও পাড়াভিত্তিক পূজা কমিটিগুলির কাছ থেকে অর্ডারের সংখ্যা তুলনামূলক ভালো। তবে কাঁচামালের দাম বৃদ্ধি ও শ্রমিক সংকট কিছুটা হলেও চিন্তায় রেখেছে তাঁদের।
অন্যদিকে, ছাত্রছাত্রীদের মধ্যে সরস্বতী পূজাকে ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। নতুন খাতা, বই, কলম নিয়ে দেবীর চরণে অর্ঘ্য দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত তারা।সব মিলিয়ে, বসন্তের আগমনী বার্তা নিয়ে সরস্বতী পূজা যেমন শিক্ষাঙ্গনে আনন্দের সঞ্চার করে, তেমনই মূর্তি পাড়ার একই রকম ব্যস্ততা।
