Site icon northeast8.com

শ্রী জগন্নাথ জিউ মন্দিরে পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল

আগরতলা, ১৯ জুলাই, ২০২৬ : রবিবার সন্ধ্যায় রথযাত্রা উপলক্ষে আগরতলার শ্রী জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু। এই ধর্মসভা ১৯জুলাই থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাঙ্গু বলেন, ধর্মসভা শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের উৎসব নয়, এটি আত্মসমীক্ষা ও আত্মশুদ্ধিরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। তিনি বলেন, রথযাত্রা ভগবান শ্রীজগন্নাথের মন্দির থেকে তাঁর ভক্তদের হৃদয়ে চিরন্তন যাত্রার প্রতীক।রাজ্যপাল আরও বলেন, শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারিত ঈশ্বরপ্রেমের বাণী জাতি, বর্ণ ও ধর্মের ভেদাভেদ অতিক্রম করে সমাজে ছড়িয়ে দেওয়ার যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি পাঁচদিনব্যাপী ধর্মসভার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ধর্মসভার গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার পরিচালক অধ্যাপক শরৎ কুমার পাত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ, আগরতলার মঠ-ইনচার্জ স্বামী ভক্তি কমল মহারাজ এবং শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ, মায়াপুরের মঠ-ইনচার্জ স্বামী ভক্তি বৈভব নারায়ণ মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বভারতীয় শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের সভাপতি ও আচার্য স্বামী ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Exit mobile version