Site icon northeast8.com

রাজ্যে চা শিল্পের উন্নয়নে ৭২৬ কোটি টাকা বিনিয়োগ হবে

আগরতলা, ৭ জুলাই, ২০২৬ : আগামী ৯-১০ জুলাই অনুষ্ঠিতব্য ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ২০২৬-এ ত্রিপুরা চা শিল্পে ৭২৬ কোটি টাকা বিনিয়োগের মৌ স্বাক্ষরিত হবে। ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে চারটি বিনিয়োগ সংস্থার মধ্যে এই মৌ স্বাক্ষর হবে। বুধবার ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রধান কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্পোরেশনের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ একথা জানান। তিনি জানান, রাজ্যের ইতিহাসে এই প্রথমবার চা শিল্পক্ষেত্রে ৭২৬ কোটি টাকার মৌ স্বাক্ষর হতে যাচ্ছে। যে চারটি বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে তা হলো মনোওয়ার্ল্ড রিসাইকলিং প্রাইভেট লিমিটেড (১০০ কোটি), মেসার্স ইতিবাচক বার্তা ফাউন্ডেশন (১০০ কোটি), মেসার্স ইনফিডিরেক্ট টেক সলিউশনস প্রাইভেট লিমিটেড (২৬ কোটি) এবং মেসার্স এনডিআর ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড (৫০০ কোটি)। বিনিয়োগযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ব্ল্যান্ডিং অ্যান্ড প্যাকেজিং ইউনিট, পিপিপি মডেলে জৈব চা চাষ, ভেলু এডেড চা উৎপাদন এবং বাজারজাতকরণ, চা ভিত্তিক ইকো ট্যুরিজম এবং চা মিউজিয়াম, টিটিডিসির অধীন চা বাগানগুলির লিজ অথবা পিপিপি ভিত্তিতে পরিচালনা ইত্যাদি। সাংবাদিক সম্মেলনে টিটিডিসির চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ বলেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬-এ ত্রিপুরার চা শিল্পে বিনিয়োগের নতুন দিক উন্মোচিত হতে চলেছে। এই উদ্যোগ রাজ্যের চা শিল্পকে নতুন উচ্চতায় পৌঁছানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, পর্যটনের বিকাশ এবং অর্থনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Exit mobile version