আগরতলা, ২৩ জুলাই, ২০২৬ : রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রতিবাদে সরব হলো সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)-র ডুকলি মহকুমা কমিটি। কমিটির উদ্যোগে বৃহস্পতিবার ডুকলি এলাকায় এক প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।মিছিলে সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নিয়ে নারী নির্যাতনের ঘটনাগুলির বিরুদ্ধে সোচ্চার হন। পাশাপাশি, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনা এবং আইন-শৃঙ্খলা আরও জোরদার করার দাবিও তোলা হয়।সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেত্রী ও প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, রাজ্য সম্পাদিকা স্বপ্না দত্ত এবং ডুকলি মহকুমা কমিটির সম্পাদিকা রূমা দত্ত-সহ অন্যান্য নেতৃত্ব।বক্তারা অভিযোগ করেন, রাজ্যে নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি রুখতে প্রশাসনকে আরও সক্রিয় ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ারও আবেদন জানানো হয়।প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নারী নির্যাতনের বিরুদ্ধে তাদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে।
