Site icon northeast8.com

মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে উত্তর পূর্বাঞ্চল উদ্যোগী: রাজ্যপাল

আগরতলা, ২৭ আগস্ট, ২০২৬ : মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে এক বিশেষ ভূমিকা পালন করার জন্য উত্তর পূর্বাঞ্চল উদ্যোগী হয়েছে। শুধু মহাকাশ প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে নিজেকে সীমাবদ্ধ না রেখে এই অঞ্চল মহাকাশ প্রযুক্তির উদ্ভাবনকারী ও উদ্ভাবন ক্ষেত্র হিসেবে নিজেকে প্রস্তুত করে বাণিজ্যিকভাবেও মহাকাশ প্রযুক্তিভিত্তিক সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির ফ্রেমা (এফআরইএমএএ) এডব্লিউসি-তে অনুষ্ঠিত ‘লিভারেজিং স্পেস টেকনোলজি রিজিওনাল ট্রান্সফরমেশন টু গ্লোবাল রিচ’ থিমভিত্তিক উত্তর পূর্বাঞ্চল স্পেস কর্মশালা ২০২৬-এ অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। স্পেস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এসআইএ-ইন্ডিয়া) এবং নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (এনইএসএসি)-এর যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

রাজ্যপাল তার বক্তব্যে এই অঞ্চলের উন্নয়নমূলক পরিবর্তন, উন্নত পরিষেবা প্রদান, যোগাযোগ, কৃষি, বিপর্যয় ব্যবস্থাপনা ও স্থায়ী উন্নয়নের লক্ষ্যে তার বিশেষ ভৌগোলিক অবস্থান মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানোর সুযোগ করে দিয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে পিছনের সারি থেকে সামনের সারিতে উঠে আসার জন্য প্রস্তুত। কেননা আজ এই অঞ্চল বিজ্ঞান ও প্রযুক্তিকে ব্যবহার করে সমস্যার প্রগতিশীল ও স্থায়ী সমাধান খোঁজার উদ্যোগ নিয়েছে। রাজ্যপাল গর্বের সাথে উল্লেখ করেন যে, প্রযুক্তি ও জ্ঞানের অংশীদার হিসেবে ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার (টিএসএসি)-এর সহায়তায় ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম ডিজিটাল ফরেস্ট রাইটস অ্যাক্ট (এফআরএ) অ্যাটলাস তৈরি করেছে। তিনি বলেন, এই উদ্যোগ শুধুমাত্র এক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা, প্রযুক্তিকেন্দ্রিক প্রশাসন ও সমাজের সকলস্তরের মানুষের উন্নয়ন নীতির মাধ্যমে জনজাতি সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষার প্রতি অঙ্গীকারের পরিচায়ক এই উদ্যোগ। কেননা জিও স্পেশাল ও মহাকাশ প্রযুক্তির মাধ্যমে বনাধিকার আইন বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতার সাথে সিদ্ধান্ত গ্রহণ সম্ভব।

Exit mobile version