আগরতলা : মনরেগা প্রকল্প রক্ষার দাবিতে “মনরেগা বাঁচাও সংগ্রাম” স্লোগানকে সামনে রেখে সদর মহিলা কংগ্রেসের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। শুক্রবার আগরতলা কংগ্রেস ভবনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী রুপা রায় দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্বরা। সম্মেলনে বক্তারা মনরেগা প্রকল্পে কাজের সুযোগ কমে যাওয়া, বকেয়া মজুরি প্রদান না হওয়া এবং শ্রমজীবী মানুষের অধিকার খর্ব হওয়ার অভিযোগ তোলেন।
রুপা রায় দাস বলেন, মনরেগা প্রকল্প গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এই প্রকল্প দুর্বল হলে সাধারণ মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে মনরেগা প্রকল্পে স্বচ্ছতা ও নিয়মিত কাজ নিশ্চিত করার দাবি জানান তিনি।সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে মনরেগা প্রকল্পকে শক্তিশালী করা এবং শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
