Site icon northeast8.com

ভিলেজ কমিটি নির্বাচন: জোটের সমীকরণ চূড়ান্তে ত্রিপুরায় বিজেপির শীর্ষ নেতৃত্ব

আগরতলা, ১ সেপ্টেম্বর, ২০২৬ঃ আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রামথার সম্ভাব্য নির্বাচনী সমঝোতা নিয়ে ত্রিপুরায় রাজনৈতিক তৎপরতা বেড়েছে। জোটের সমীকরণ চূড়ান্ত করতে বিজেপির সর্বভারতীয় সংগঠন সাধারণ সম্পাদক বোম্মারাবেত্তু লক্ষ্মীজনার্দন সন্তোষ মঙ্গলবার দু’দিনের সফরে আগরতলায় পৌঁছেছেন।

তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির উত্তর-পূর্বাঞ্চলীয় সমন্বয়ক সম্বিত পাত্র, ত্রিপুরা ও আসামের সংগঠনমন্ত্রী রবীন্দ্র রাজু এবং দলের প্রদেশ প্রভারী রাজদীপ রায়। তাঁদের সফরকে ঘিরে ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি-তিপ্রামথা জোট নিয়ে জোর রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি ও তিপ্রামথার মধ্যে দিল্লিতে ইতিমধ্যেই একাধিক দফায় আলোচনা হয়েছে। তবে আসন সমঝোতা কিংবা নির্বাচনী জোটের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সোমবার মুখ্যমন্ত্রী  ডঃ মানিক সাহা জানিয়েছিলেন, তিপ্রামথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। তিপ্রামথাকে সঙ্গে নিয়েই বিজেপি নির্বাচনে লড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে জোটের চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হওয়ার পরই বিস্তারিত বিষয় সামনে আসবে বলে জানান মুখ্যমন্ত্রী।অন্যদিকে, জোটের সম্ভাবনা নিয়ে তিপ্রামথা প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মাও দলের অবস্থান স্পষ্ট করেছেন। তাঁর বক্তব্য, তিপ্রাসা একর্ডে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন না হলে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে কোনও দলের সঙ্গেই সমঝোতায় যাবে না তিপ্রামথা।এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতৃত্বের আগরতলা সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী দু’দিনের বৈঠক ও আলোচনার পর বিজেপি-তিপ্রামথা জোটের ভবিষ্যৎ চিত্র আরও স্পষ্ট হতে পারে।

Exit mobile version