Site icon northeast8.com

বিদ্যাসাগর ছিলেন শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও মানবতাবাদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ : পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, মানবতাবাদী এবং বাংলা গদ্যের অন্যতম পথিকৃৎ। তাঁর শিক্ষা, সমাজ সংস্কার ও মানবিক মূল্যবোধ আজও সমানভাবে প্রাসঙ্গিক। শনিবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যভিত্তিক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা।বিদ্যালয় শিক্ষা দপ্তর ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।মুখ্যমন্ত্রী বলেন, বাংলা লিপিকে সহজবোধ্য ও পাঠযোগ্য করে তুলতে বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ‘বর্ণপরিচয়’, ‘কথামালা’ ও ‘সীতার বনবাস’-এর মতো তাঁর রচনা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সতীদাহ প্রথা ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নারী শিক্ষার প্রসারেও তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।শিক্ষার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে শহর ও গ্রামের মধ্যে শিক্ষার মানের ব্যবধান অনেকটাই কমেছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের কাছে উন্নত শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।তিনি জানান, রাজ্যের ২১৩টি বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে এখনও পর্যন্ত ১ হাজার ১৭৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ৬৪ হাজার ৩০৯ জন বালিকাকে সাইকেল প্রদান করা হয়েছে। আইসিটি, স্মার্ট ক্লাস, টিঙ্কারিং ল্যাব, ভার্চুয়াল ক্লাসরুম, নিপুণ ত্রিপুরা, সুপার থার্টি, বৃত্তিমূলক শিক্ষা, বিদ্যাজ্যোতি ও পিএমশ্রী স্কুলসহ বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়কে শুধু পঠন-পাঠনের কেন্দ্র হিসেবে নয়, ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের কেন্দ্র হিসেবেও গড়ে তুলতে হবে। তাঁদের মধ্যে আত্মবিশ্বাস, নৈতিকতা, যুক্তিবোধ, সহমর্মিতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শরীর ও মনের বিকাশের জন্য সংস্কৃতি চর্চা ও খেলাধুলায়ও অংশ নিতে হবে।অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিশ্বিসার ভট্টাচার্য এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ড. সমিত রায় চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শিক্ষার অগ্রগতি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন ও কর্মের উপর দুটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Exit mobile version