আগরতলা:কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের অধীনে রাজ্যে প্রায় ২২০ কোটি টাকা ব্যয়ে ৬টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠিত হলো আজ। প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার উপস্থিতিতে প্রকল্পগুলির উদ্বোধন ও শিলান্যাস করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডোনার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মানিক সাহার যুগপৎ প্রতিজ্ঞা ও সুদৃঢ় নেতৃত্বের ফলেই আজ ত্রিপুরা রাজ্য এক উন্নত ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে দেশে সামাজিক, আর্থিক ও পরিকাঠামোগত ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ও উন্নয়ন সাধিত হয়েছে।
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, নতুন ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। সেই লক্ষ্যেই উত্তর-পূর্বাঞ্চলের আটটি রাজ্যকে ‘অষ্টলক্ষ্মী’ হিসেবে চিহ্নিত করে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে উন্নয়নের এক নতুন দিশা দেখানো হচ্ছে।তিনি আরও বলেন, বিগত সরকারগুলির সময়ে উত্তর-পূর্বাঞ্চলকে একটি পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে দেখা হতো। কিন্তু বর্তমান সরকারের আমলে এই অঞ্চলের সার্বিক উন্নয়নে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তিনদিনের রাজ্য সফরে বর্তমানে ত্রিপুরায় রয়েছেন।





