Site icon northeast8.com

পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা : পাঁচ দিনের কর্মসপ্তাহের দাবিতে মঙ্গলবার, ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দেয় ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-সহ একাধিক ব্যাংক কর্মী সংগঠন। এই ধর্মঘটের জেরে দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বন্ধ থাকে।এদিন মেলার মাঠে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ব্যাংক কর্মীরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দেন ইউনিয়ন নেতারা।যদিও এই ধর্মঘটের প্রভাব দেশের বেসরকারি ব্যাংকগুলিতে পড়েনি বলেই জানা যাচ্ছে, তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হয় সাধারণ গ্রাহকদের। উল্লেখযোগ্যভাবে, শুক্রবার সরস্বতী পূজা, শনিবার চতুর্থ শনিবার এবং রবিবারের পর সোমবার প্রজাতন্ত্র দিবস—এই চার দিন টানা ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবারও ধর্মঘট হওয়ায় আর্থিক লেনদেন, চেক ক্লিয়ারেন্স ও জরুরি ব্যাংক পরিষেবা ব্যাহত হয়।ব্যাংক বন্ধ থাকায় বহু গ্রাহক শাখায় এসে ফিরে যেতে বাধ্য হন। বিশেষ করে বয়স্ক ও দূরদূরান্ত থেকে আসা গ্রাহকদের অসুবিধা চরমে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন গ্রাহকরা।

Exit mobile version