Site icon northeast8.com

নেশা–জুয়া–দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়ার ডাক ডিওয়াইএফআই ও টিওয়াইএফ-এর

আগরতলা : এক নিশ্চিত সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে নেশা, জুয়া, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে প্রজন্ম বাঁচানোর ডাক দিল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। শুক্রবার আগরতলার ছাত্র যুব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় দফায় এই কর্মসূচি পালনের দিনক্ষণ ঘোষণা করা হয়।এদিন সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচিকে কেন্দ্র করে একটি থিম সং-ও প্রকাশ করা হয়। থিম সংটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী এবং নবীন প্রজন্মের চিকিৎসক সৌরভ দেব।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রথম পর্যায়ের সাফল্যের পর দ্বিতীয় পর্যায়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ৮ ফেব্রুয়ারি সকালে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। পদযাত্রাটি ড্রপ গেট এলাকার বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে উজ্জয়ন্ত প্রসাদের সামনে ক্ষুদিরাম ও সূর্যসেনের মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে।এই পদযাত্রার সূচনা করবেন প্রাক্তন রঞ্জি খেলোয়াড় অরূপ দেববর্মা। সমাজের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ছাত্র ও যুব সমাজকে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান ডিওয়াইএফআই ও টিওয়াইএফ নেতৃত্ব।

Exit mobile version