Site icon northeast8.com

ধলাই জেলায় উন্নয়নমূলক কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ আগস্ট, ২০২৬ : সরকারি সুযোগ-সুবিধা যেন প্রান্তিক মানুষের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সঙ্গে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে জেলাস্তরের আধিকারিকদের নিয়মিত তদারকির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা।সোমবার ধলাই জেলার জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সামাজিক ভাতা, সীমান্ত সুরক্ষা, আইনশৃঙ্খলা, বন ও পানীয়জল সহ বিভিন্ন দপ্তরের কাজ পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী।সভায় মুখ্যমন্ত্রী বলেন, ধলাই জেলায় জনকল্যাণে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময়সীমা মেনে চলার পাশাপাশি কাজের গুণগতমান বজায় রাখার উপরও বিশেষ গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত পৌঁছে যায়, সেদিকে আধিকারিকদের নজর রাখতে হবে। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। পর্যালোচনা সভায় ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, বিধায়ক নন্দিতা রিয়াং, বিধায়ক পল দাংশু, বিধায়ক শম্ভুলাল চাকমা, বিধায়ক স্বপ্না দাস পাল সহ বিভিন্ন দপ্তরের সচিব, রাজ্যস্তরের পদস্থ আধিকারিক, ধলাই জেলার জেলাশাসক এবং অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন দপ্তর আগামী দিনে যে পদক্ষেপগুলি গ্রহণ করবে, সেগুলির অগ্রগতি তিন মাস পর পুনরায় পর্যালোচনা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্পের বাস্তবায়ন, পরিষেবা প্রদান এবং জনকল্যাণমূলক কাজের অগ্রগতি নিশ্চিত করতে এই ধারাবাহিক পর্যালোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

Exit mobile version