আগরতলা : বৃহস্পতিবার রাজধানীর হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে রাজ্য উদ্ভাবন মিশন-টি-নেস্টের উদ্বোধন হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, ত্রিপুরার আইটি সংস্কার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হল দেশের প্রথম রাজ্য উদ্ভাবন মিশন-টি-নেস্ট অর্থাৎ ত্রিপুরা: উদ্যোক্তা এবং স্টার্ট-আপ লালন। অটল উদ্ভাবন মিশনের সহায়তায়, ত্রিপুরা রাজ্য উদ্ভাবন মিশনের লক্ষ্য হল প্রতিভা এবং উদ্যোগকে লালন করার জন্য একটি শক্তিশালী বাস্তুতন্ত্র তৈরি করা। অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণকে উৎসাহিত করা এবং উদ্ভাবনী ধারণাগুলিকে কার্যকর প্রকল্পে রূপান্তর করা বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন আজকের এই মাইল ফলকের ফলে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে যে সমস্যা গুলি রয়েছে সেগুলি সমাধান হবে। একই সঙ্গে প্রযুক্তি ক্ষেত্র বিশেষ ভাবে এগিয়ে যাবে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা আগামী দিন দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হতে চলেছে। স্বাস্থ্য এবং শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরা হাব হতে চলেছে। এটা আবার উৎপাদনে ত্রিপুরা কেরলের পর স্থান দখল করে আছে। ত্রিপুরা সব ক্ষেত্রেই আজ দেশের উন্নয়নের মূল স্রোতে এগিয়ে চলেছে। এমনটাই আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
