Site icon northeast8.com

ত্রিপুরায় সোমবার ভিলেজ কমিটি নির্বাচন, ২,৯৫০ আসনে ভোট

আগরতলা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এলাকার ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। ২০১৬ সালের পর সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথম ৫৮৭টি ভিলেজ কমিটিতে ভোটগ্রহণ হচ্ছে।টিটিএএডিসির মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে ১,৬৪৪টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে সোমবার ভোট হবে ২,৯৫০টি আসনে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন মোট ৯ লক্ষ ৬১ হাজার ৯৭৭ জন ভোটার।কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে বিভিন্ন দল ও নির্দল মিলিয়ে মোট ৮,১৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তিপ্রা মথার ৪,২৪২ জন, সিপিআইএমের ২,২৭৬ জন, বিজেপির ১,৫৪৯ জন, আইপিএফটির ৩৬৯ জন, কংগ্রেসের ৩৫৬ জন এবং সিপিআইয়ের ৪ জন প্রার্থী রয়েছেন। অন্যান্য দল ও নির্দল প্রার্থী রয়েছেন আরও ৮৩২ জন।নির্বাচনকে ঘিরে টিটিএএডিসি এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকলেও প্রচারপর্ব শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন সচিব অনুরাগ সেন। ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। রবিবার ভোটকর্মীরা নির্বাচনি সামগ্রী নিয়ে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের উদ্দেশে রওনা দেন।নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, প্রয়োজন হলে আগামী ৩ অক্টোবর পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগণনা।

Exit mobile version